কসবায় দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার রাতে দুই বাড়ি থেকে আড়াই ভরি সোনা ও ২০ হাজার টাকা লুট করেছে ডাকাতেরা। একই রাতে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পুরান বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক ভেঙে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। 
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কসবার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী জহির মিয়ার ঘরের লোহার ফটক ভেঙে ৮-১০ জন মুখোশধারী ডাকাত ভেতরে ঢুকে জহির মিয়ার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণালংকার ও সাড়ে ১৩ হাজার টাকা লুট করে। পরে ডাকাত দলটি জহির মিয়ার ছোট ভাই কামাল মিয়ার ঘরের দরজা ভেঙে নগদ সাড়ে সাত হাজার টাকা লুট করে। এ সময় ডাকাত দলটি কয়েকটি মুঠোফোন, ঘরের আসবাব, স্টিলের আলমারি ভাঙচুর করে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইলের ধানমহাল এলাকায় অবস্থিত ধান, চাল ও পাটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বঙ্কবিহারী সাহা। নিরাপত্তার কারণে বাড়ির বউ-ঝিদের ব্যবহারের স্বর্ণালংকার ওই প্রতিষ্ঠানের সুরক্ষিত লোহার সিন্দুকে রাখা হতো। বঙ্কবিহারী সাহা (৮৫) জানান, গতকাল বৃহস্পতিবার তিনি হাঁটতে বের হওয়ার সময় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান ফটক খোলা দেখতে পান। পরে এগিয়ে গিয়ে গদিঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন একটি সিন্দুকের তালা ভাঙা। ভেতরে রক্ষিত স্বর্ণালংকার ও টাকাপয়সা কিছুই নেই। এ ঘটনায় ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেন তিনি।
নান্দাইল মডেল থানার ওসি সৈয়দ আবদুল্লাহ ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে ফোন করুন।’
এর আগে গত ১৩ মার্চ নান্দাইল শহরের চিনিমহালে অবস্থিত সিনজেন্টার পরিবেশক বীরেন্দ্র চন্দ্র সাহার ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই প্রতিষ্ঠান থেকে প্রায় নয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।