কসবায় বন্ধুর ঘুষিতে স্কুলছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল মঙ্গলবার বন্ধুর ঘুষিতে মাঈন উদ্দিন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বিনাউটি ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিন ক্ষিদিরপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা হাজীপুর শহীদ স্মরণিকা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার লাশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা ক্ষিদিরপুর গ্রামের আলাল মিয়া (১৫) ও মাঈন উদ্দিন (১৫) গ্রামের পূর্ব পাশের মাঠে বসে কথা বলছিল। হঠাৎ দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাঈনের মাথায় ঘুষি মারে আলাল। এতে মাটিতে লুটিয়ে পড়ে মাঈন। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, মাথায় ঘুষি দেওয়ার কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য বের হবে।