কসবায় বাবার বাড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাবার বাড়িতে গত রোববার রাতে সুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় স্বামী রসুল মিয়া এ ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় গতকাল সোমবার রসুল মিয়ার বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা করেছেন সুমার বাবা আবদুল কুদ্দুছ। রসুল মিয়া পলাতক।

কসবা থানার পুলিশ জানায়, সুমার বাবার বাড়ি কসবা উপজেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামে। ২০১৩ সালে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের রসুল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছয় মাসের এক ছেলে আছে। দাম্পত্য কলহের জেরে ছয় মাস ধরে বাবার বাড়িতে ছিলেন সুমা। রোববার রাত সাড়ে আটটার দিকে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুমাকে গুরুতর জখম করা হয়। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমার বাবা আবদুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, যৌতুক না দেওয়ায় সুমার স্বামী রসুল মিয়া এ হত্যার ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর আগে সুমা হত্যাকারী হিসেবে রসুল মিয়ার নাম বলে গেছেন।