ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মা ও ছেলেকে অপহরণের অভিযোগে জয়নাল মিয়া নামের এক ব্যক্তিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জে এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জয়নালের বাড়ি কসবা উপজেলার মন্দভাগ গ্রামে। গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কসবার এক গৃহবধূকে গত মঙ্গলবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে কসবা-নয়নপুর সড়কের লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় তাঁর সঙ্গে পাঁচ বছর বয়সী ছেলেও ছিল। এ ঘটনায় ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করে তাঁর বাবা। পরদিন ওই গৃহবধূ তাঁর মাকে ফোন দিয়ে চিৎকার করতে থাকেন। ওই ফোনের কললিস্ট ধরে পুলিশ গত শুক্রবার রাতে জয়নাল মিয়াকে গ্রেপ্তার করে। অপহরণের অভিযোগে গতকাল থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে জয়নাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ ও তাঁর ছেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
গত শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করার অভিযোগে উপজেলার হরিপুর গ্রামের নুরে আলম কামাল (২৬), রাজু বেপারী (২৩) ও টোরাগড় গ্রামের রহমত উল্যাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।