কসবায় শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শীতলপাড়া মহল্লায় দুর্বৃত্তরা শতাধিক আকাশমণি ও ১০টি পেঁপেগাছ কেটে দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শীতলপাড়া মহল্লার খোকন দাস ও সুভাষ দাস তাঁদের পৈতৃক জমিতে পুকুর কেটে মাছের চাষ করেছেন। সেই পুকুরপাড়ে বছর দুয়েক আগে আকাশমণি, জামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের সাড়ে তিন শ চারা ও পেঁপেগাছের শতাধিক চারা রোপণ করেছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে শতাধিক আকাশমণি ও ১০টি পেঁপেগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন আহাম্মদ বলেন, এটি অমানবিক কাজ। রাতের আঁধারে দুর্বৃত্তরা শতাধিক গাছ গোড়া থেকে কেটে দিয়েছে।
খোকন দাস বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তিতে সাড়ে তিন শ গাছ লাগিয়েছিলাম। রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।’
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’