কসবায় শিক্ষার্থীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের আট দিন পর আজ সোমবার দুপুরে রহমত উল্লাহ (১৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রহমত উল্লাহ কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মরহুম বজলুর রহমানের ছেলে। সে লেশিয়ারা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশের ধারণা, কেউ রহমত উল্লাহকে হত্যা করে জমিতে ফেলে রাখে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ এপ্রিল বিকেলে রহমত উল্লাহ তাদের জমিতে ফসল দেখতে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়। থানায় সাধারণ ডায়েরিও করা হয়। আজ সকালে কসবার কুটি চৌমহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের জমিতে তার পচা লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে রহমতের মা হালিমা বেগম ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে কসবা থানার পুলিশ আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রহমতের বড় ভাই বাবুল মিয়া বলেন, রহমত ৫ এপ্রিল জমি দেখতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল আলম বলেন, কেউ রহমতকে হত্যা করে ওই জমিতে ফেলে রাখতে পারে। লাশটি পচে গেছে। এ ঘটনায় তার বড় ভাই বাবুল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।