কসবায় স্ত্রী খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বুধবার মাদকাসক্ত স্বামী মহসিন মিয়া (৪০) তার স্ত্রী বিউটি আক্তারকে (২৭) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মহসিন সিলেটে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত। বর্তমানে চাকরিচ্যুত। তিন মাস আগে মহসিন বড় মেয়ে সুমাইয়া আক্তারকে (৫) বাড়ি থেকে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে মহসিনের প্রায়ই ঝগড়া হতো।
গতকাল দুপুরে বাড়ির আশপাশের লোকজন মহসিনের বাড়িতে দীর্ঘ সময় ধরে শিশুর চিৎকার শুনতে পান।
পরে প্রতিবেশী রাহেনা বেগম ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। ভেতরে মহসিনের ছোট মেয়ে (তিন মাস) কাঁদছে। পরে স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙে বিউটির গলাকাটা লাশ দেখতে পান।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান গতকাল রাত সাড়ে সাতটায় জানান, মহসিন মাদকাসক্ত। সে তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক কোনো কিছু সেবন করিয়ে সে স্ত্রীকে গলা কেটে খুন করেছে। বিউটির বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তাঁর বাবা-মা কেউ নেই। তাঁর দুই বোন আছেন, তাঁরাও দেশের বাইরে থাকেন। লাশ নেওয়ার জন্য তাঁর এক চাচাকে খবর দেওয়া হয়েছে।