কসবায় হামলায় তিন সাংবাদিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার ‘ভুল চিকিৎসায়’ এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার এ-সংক্রান্ত খবর সংগ্রহ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সাংবাদিককে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হাসপাতালটির পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত সাংবাদিকেরা হলেন বিজয় টেলিভিশন-এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার, কুমিল্লা থেকে প্রকাশিত ডাকপ্রতিদিন-এর উপজেলা প্রতিনিধি মো. রুবেল আহাম্মদ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কালতা দীঘিরপাড় গ্রামের সেলিম মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (২৫) প্রসব ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে কুটি চৌমহনী বসুন্ধরা হসপিটাল (প্রা.) লিমিটেডে ভর্তি হন। তাৎক্ষণিকভাবে তাঁর অস্ত্রোপচার করা হয়। তিনি কন্যাসন্তান জন্ম দেন। কিন্তু শিশুটি নড়াচড়া করছিল না। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল্লাহর কাছে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রসূতি নিলুফার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন শুক্রবার সকালে তাঁর আরেক দফা অস্ত্রোপচার করা হয়। এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গতকাল সকালে ওই তিন গণমাধ্যমকর্মী বসুন্ধরা হাসপাতালে যান। একপর্যায়ে তাঁদের হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফার কক্ষে নেওয়া হয়। সেখানে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যু এবং প্রসূতির দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের বিষয়ে তাঁর মন্তব্য জানতে চান। এ নিয়ে পরিচালকের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসপাতালের লোকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে তাঁদের পিটিয়ে ও কুপিয়ে একটি কক্ষে আটকে রাখেন। হামলার ঘটনা ধারণ করায় একটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেন। পরে পুলিশ গিয়ে তিন সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
‘ভুল চিকিৎসার’ অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মো. শরীফ বলেন, সন্তান প্রসবে অনেক সময় অতিক্রম হয়ে গেছে। শিশুটি অসুস্থ ছিল। প্রসূতির দ্বিতীয়বার অস্ত্রোপচারের বিষয়ে তিনি বলেন, প্রসূতির পেটে গ্যাস বেড়ে গেলে প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। এ কারণে আবার অস্ত্রোপচার করা হয়।
সাংবাদিকদের পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় বসুন্ধরা হাসপাতালের লোকজন জড়িত থাকার অভিযোগ পরিচালকের স্ত্রী চিকিৎসক শিরিন সুলতানা অস্বীকার করেন।
কসবা থানার এসআই মো. সাইদুর রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলার এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আট-নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাসপাতালটির পরিচালক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।