কসবায় 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাকিব মিয়া ওরফে মালু মিয়া (৩০) নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনটি মামলা করেছে।
নিহত সাকিব মিয়া কসবা পৌর শহরের কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরওএমও) মো. হুমায়ুন কবির বলেন, নিহত মালু মিয়ার বাঁ পায়ে গুলি লেগেছে। আর ডান পা হাঁটুর ওপরে ভেঙে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। একপর্যায়ে পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে গেলে তাঁরা পুলিশের ওপর গুলি ছুড়তে শুরু করেন। পুলিশ আত্মরক্ষার্থে ১০টি গুলি ছোড়ে। এ সময় আহত অবস্থায় সাকিব মিয়াকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি পাইপগান, পাঁচটি গুলি, একটি কালো রঙের মুখোশ এবং ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছোরা ও দুটি কালো মুখোশ উদ্ধার করা হয়। পরে রাতে সাকিব মিয়াকে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন কসবা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন, কনস্টেবল শাহ আলিমুল রাজিব, সোহেল রানা ও আশিকুর রহমান। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাকিবের মা নুরজাহান বেগম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সকালে ঘুম থেকে উঠে শুনেছেন, পুলিশের গুলিতে তাঁর ছেলে মারা গেছেন।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় ডাকাতেরা পুলিশের ওপর আক্রমণ করেন। এতে চার পুলিশসদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ১০টি গুলি ছোড়ে। আহত অবস্থায় সাকিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনটি মামলা করেছে। তিনি আরও বলেন, সাকিব সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে।