কসবার মেয়রের ভাই গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের ছোট ভাই জাহাঙ্গীর আলমকে গতকাল বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের জমি দখলসহ আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কসবা খারপাড়া গ্রামের বাদল কর্মকার ওয়ারিশ সূত্রে কসবা, কালিকাপুর ও কুটনা মৌজার ১৮৫ শতক ভূমির মালিক ছিলেন। তিনি চিরকুমার অবস্থায় মারা যান। তাঁর তিন বোনের মধ্যে একজন স্বাধীনতার আগেই ভারতে চলে যান। অপর দুই বোনের ওয়ারিশ একই উপজেলার খারপাড়া গ্রামের কার্তিক কর্মকার, কুটি গ্রামের গৌরাঙ্গ রায় কর্মকার ও নিতাই কর্মকার সেই ভূমির মালিক হন। কিন্তু গত বছরের ৯ অক্টোবর জাহাঙ্গীরের (৪০) চাচাতো ভাই আবদুল আউয়ালের নামে কসবা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কসবা মৌজার সাড়ে ২২ শতাংশ জমির একটি দলিল নিবন্ধন করা হয়। এরপর ১৭ নভেম্বর রাতে বেড়া দিয়ে জাহাঙ্গীর ও তাঁর লোকজন জমি দখল করেন। এ ঘটনায় জাহাঙ্গীরসহ ১১ জনের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেন জমির মালিক কার্তিক কর্মকার। এ ছাড়া নিবন্ধনকৃত দলিলটি বাতিলের দাবিতে আদালতে পৃথক মামলা করেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে মামলা করায় ভূমির তত্ত্বাবধায়কের বাড়িতে জাহাঙ্গীর ও তাঁর লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় গত ২ জানুয়ারি প্রথম আলোতে ‘মামলা করায় হামলা, অভিযোগ মেয়রের ভাইয়ের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।