কসবায় অটোরিকশা মালিক সমিতির নেতা খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোববার রাতে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা মামুনুর রশিদ (৩৮) চোরাকারবারি চক্রের হাতে খুন হয়েছেন। হত্যার পর ভারতে পালানোর সময় ওই চক্রের এক সদস্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গতকাল সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ। নিহত মামুনুর কসবা পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি কসবা শহরের (উত্তর) সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই হত্যা মামলা করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, মামুনুরের মালিকানাধীন একটি অটোরিকশা ভাড়া চালায় একই গ্রামের মামুন মিয়া। গত রোববার সন্ধ্যায় মামুনকে পাচার করে আনা মাদক অটোরিকশাটি দিয়ে গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রাম থেকে পাশের নবীনগর উপজেলায় পৌঁছে দিতে বলেন কুদ্দুছ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও খোরশেদ মিয়া। অস্বীকৃতি জানালে কুইয়াপানিয়া গ্রামে মামুনকে মারধর করেন তাঁরা। খবর পেয়ে অটোরিকশার মালিক মামুনুর সেখানে গেলে ওই চক্রের সদস্যরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।
চালক মামুন বলেন, কুদ্দুছরা ভারত থেকে আনা গাঁজা নবীনগরে পৌঁছে দিতে বলে। রাজি না হওয়ায় তাঁকে মারধর করে মালিক মামুনুরকে ফোন দেয়। মামুনুর এলে তাঁর সঙ্গেও কথা-কাটাকাটি হয় পাচারকারীদের। এরই এক ফাঁকে মামুন পালিয়ে এসে মালিকের লোকজনকে খবর দেন। তাঁরা গিয়ে মামুনুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালায়।
কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তাহের বলেন, এলাকার চিহ্নিত মাদক পাচারকারী চক্র বিচারের নাম করে অটোরিকশার মালিক মামুনুরকে ডেকে নিয়ে হত্যা করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আসামিরা ভারতে পালানোর চেষ্টা করে। এ সময় বিএসএফ চোরাকারবারি চক্রের সদস্য ফিরোজ মিয়াকে (৫৫) আটক করে। গতকাল দুপুরে ২০৩৭ পিলারের কাছে কুইয়াপানিয়া গ্রামে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ফিরোজকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি তাঁকে পুলিশে দেয়।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত মামুনুরের ভাই রবিউল্লাহ পাচারকারী চক্রের কুদ্দুছকে প্রধান আসামি করে ১৯ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া কুদ্দুস ফিরোজ মিয়ার ছেলে। এ ছাড়া খোরশেদ মিয়ার স্ত্রী নাজমা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।