কসবায় অপহরণের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহরণের তিন দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খাদিজা মনি ওরফে মিতু নামের (৭) শিশুকে গলা কেটে হত্যার পর লাশ পৌর শহরের ইমামপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের পঞ্চম তলায় লুকিয়ে রাখা হয়েছিল।

খাদিজা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই গ্রামের আল-আমিন মিয়ার মেয়ে। সে স্থানীয় কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। আল-আমিন সৌদি আরবে থাকেন। খাদিজা তার মা রুনা আক্তারের সঙ্গে পৌর শহরে শীতলপাড়া এলাকায় থাকত।

অপহরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া মাসুক মিয়া নামে এক যুবককে গতকাল রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সন্ধ্যায় খাদিজার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মাসুক খাদিজার বাবা আল-আমিনের ফুফাতো ভাই।

নিহত শিশুর মা রুনা আক্তার বলেন, গত শনিবার সকাল সাড়ে সাতটায় খাদিজা স্থানীয় মক্তবে পড়তে রওনা দেয়। কিছুক্ষণ পর রুনা আক্তারের কাছে ফোন করে জানানো হয় তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ওই দিন রাতে রুনা কসবা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মাসুককে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাঁর ভাই আশিক মিয়া এবং বন্ধু খাইরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত বিচারিক হাকিম মো. সফিকুল ইসলামের আদালতে উপস্থিত করে সাত দিন করে রিমান্ড চাইলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দিনই মাসুক অপহরণের কথা স্বীকার করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাসুক অপহরণ করে সহযোগীদের কাছে শিশুটিকে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর তথ্যের ভিত্তিতেই গতকাল সন্ধ্যায় ইমামপাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের পঞ্চম তলা থেকে খাদিজার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় মাসুকের তথ্যমতে অপহরণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে কসবার গোপীনাথপুর গ্রামের কিবরিয়া ও টাইলসের কারিগর সিলেটের জকিগঞ্জের মুন্সিবাজার গ্রামের তামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।