কসবায় অবাধে চলছে টিলা কাটা

পরিবেশ আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দুটি ইউনিয়নে নির্বিচারে টিলা কাটছে স্থানীয় লোকজন। মাটি বিক্রি ও বসতঘর করার জন্য টিলাগুলো কাটা হচ্ছে। টিলা কাটার ফলে ওই এলাকায় ভূমিধস ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় প্রশাসন মামলা করলেও টিলা কাটা বন্ধ হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর, মাদলা, নোয়াপাড়া, ধোপাখলা, সাগরতলা ও বেলতলী এবং গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর, পাথারিয়াদ্বার ও জগন্নাথপুর গ্রামে টিলা কাটা হচ্ছে। পাহাড় কেটে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করায় এসব এলাকার রাস্তাঘাটে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬-এর খ উপধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কাটা যাবে না। কিন্তু কসবার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের লোকজন এই আইন লঙ্ঘন করে টিলা কাটছে।
গত শুক্রবার সকালে বায়েক ইউনিয়নের জয়দেবপুর এলাকায় গিয়ে দেখা গেছে, সামাদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া টিলা কেটে বাড়ি তৈরি করছেন। তিনি দাবি করেন, বাড়ি করার জায়গা নেই। তাই টিলা কেটে থাকার জায়গা করছি।
গত বৃহস্পতিবার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামে গিয়ে টিলা কাটতে দেখা গেছে। ওই গ্রামের জামাল মিয়া মানিক্য মুড়ার টিলা কেটে তাঁর ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে পাশের এলাকার জলাশয় ভরাট করছেন। প্রতি ট্রাক্টর মাটির জন্য তাঁকে ৮০০ টাকা থেকে ৯০০ টাকা দেওয়া হয়।
ট্রাক্টর মালিক জামাল মিয়া বলেন, ‘টিলা কাটা অপরাধ আগে জানতাম না। মধুপুর মানিক্য মুড়ার সানু মিয়ার টিলা আমি একা কাটিনি, অনেক ট্রাক্টর মালিকই কেটেছেন।’ মানিক্য মুড়ার টিলার মালিক সানু মিয়া বলেন, তাঁরা টিলা কেটেছেন। তবে মাটি বিক্রি করেননি।
বায়েক ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের কাশিরামপুর, কোল্লাপাথর ও মাদলা মৌজার সরকারি ও ব্যক্তিমালিকানাধীন কয়েকটি টিলা কাটা হয়েছে। এ কারণে বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা এ কে এম মনির হোসেন বাদী হয়ে জয়দেবপুর গ্রামের হানিফ মিয়া, নাসির মিয়া, আবদুছ ছামাদ, মো. আলম, খোকন মিয়া, বায়েক গ্রামের স্বপন মিয়া, ধোপাখলার মোখলেছ মিয়া ও মাদলা গ্রামের হালিম মিয়ার বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর থানায় মামলা করেন।
গোপীনাথপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম বলেন, টিলা কাটা যে আইনত নিষিদ্ধ সে বিষয়ে মাইকে বিভিন্ন এলাকায় প্রচার করা হয়েছে। এলাকায় ঘুরে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। যারা টিলা কেটেছে তাদের নোটিশ দেওয়া হয়েছে। বায়েক ও পোপীনাথপুর ইউনিয়নের ৭০০ একর টিলাভূমি আছে।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ বলেন, বায়েক এলাকায় টিলা কাটার ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া গোপীনাথপুর এলাকায় টিলা কাটার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের নোটিশ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।