কসবায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দুটি গ্রামের তিনটি বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ৮৩ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০-১২ জনের এক দল ডাকাত রাত দুইটার দিকে ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে বেঁধে ফেলে।
কুইয়াপানিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক বলেন, ফুল মিয়ার বাড়ি থেকে ৫০ হাজার টাকা, একটি মুঠোফোন ও চার ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা।
প্রায় একই সময়ে পাশের চণ্ডীদ্বার গ্রামের গৌতম বণিক ও আশীষ বণিকের বাড়িতেও ডাকাতি হয়। গৌতমের বাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন সেট ও তিন হাজার টাকা এবং আশীষের বাড়ি থেকে ৩০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন সেট লুট করে ডাকাতেরা।
তবে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।