কসবায় কবিরাজের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফরিদ মিয়া (৪৮) নামের এক কবিরাজের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জগন্নাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরিদ মিয়া জগন্নাথপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ওই গ্রামেই কবিরাজি চিকিৎসা করতেন। স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, গত বৃহস্পতিবার ফরিদের স্ত্রী মেয়েদের নিয়ে বাবার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যান। এরপর থেকে তিনি বাড়িতে একা ছিলেন। শুক্রবার রাতে গ্রামের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরেন ফরিদ। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির বারান্দায় তাঁর গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন গতকাল বলেন, ধারালো অস্ত্র দিয়ে ফরিদের গলা কাটা হয়। তাঁর বুকে ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয় কয়েকজন বলেছেন, শুক্রবার রাতে ফরিদ মিয়ার সঙ্গে একজন মুঠোফোন কথা বলেছেন এবং ওই লোক রাতে তাঁর বাড়িতেও গিয়েছিলেন। ওসি বলেন, ফরিদ মিয়াকে পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়ে থাকতে পারে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ভূঁইয়া বলেন, মানুষ হিসেবে ফরিদ ভালোই ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা থাকতে পারে বলে শোনা যায়নি কখনো।