কসবায় গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে' এক আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রেপ্তার হওয়া এক আসামি গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ছাড়া ফেনীতে পুলিশের অভিযানে আহত এক ব্যক্তি গতকাল শনিবার মারা গেছেন।
কসবায় বন্দুকযুদ্ধে নিহত মো. জহিরুল ইসলাম সরকার ওরফে কালা জহিরের (৩৫) বাড়ি কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে। শুক্রবার বিকেলে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বেলতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে জহিরুলকে নিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। সেখানে জহিরুলের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জহিরুল। তিনি বলেন, জহিরুলের বিরুদ্ধে কসবা থানায় ছয়টি মামলা রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় দেওয়া অভিযোগপত্রেও জহিরুলের নাম আছে।
তবে নিহত জহিরুলের বাবা নসু মিয়া সরকার বলেন, তাঁর ছেলে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না। শত্রুতা করে তাঁর নামে মামলা দেওয়া হয়।
এদিকে ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে পুলিশের গুলিতে আহত ফকির আহম্মদ (৩৫) গতকাল সকালে ফেনী সদর হাসপাতালে মারা গেছেন। শুক্রবার রাত চারটার দিকে পুলিশের অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবীর বলেন, মাদক ব্যবসায়ী ফকির আহম্মদের বাড়িতে গত শুক্রবার পুলিশ অভিযান চালাতে গেলে বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এ সময় ফকির আহম্মদ দুই পায়ে গুলিবিদ্ধ হন।
তবে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, বাড়িতে অভিযান চালিয়ে নিয়ে যাওয়ার সময় ফকির আহম্মদের দুই পায়ে পুলিশ শটগান ঠেকিয়ে গুলি করে।
ওসি হুমায়ূন কবীর বলেন, অভিযানে ফকির আহম্মদের বাড়ি থেকে ৮০৫টি ইয়াবা বড়ি, ১০ কেজি গাঁজা, হেরোইন ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ সময় ফকিরের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।