কসবায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে জুতাপেটা!
চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন সরকারকে জুতাপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষক পাঁচজনকে আসামি করে কসবা থানায় মামলা করেছেন।
এজাহার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের নরুনবী আজমল ও তাঁর লোকজন স্থানীয়ভাবে একটি অনুষ্ঠান করার জন্য বায়েক শিক্ষাসদন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করেন। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নুরুনবী আজমল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত সোমবার দুপুরে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে নরুনবী আজমল ও তাঁর লোকজন মোবারক হোসেনকে জুতাপেটা করেন এবং কিলঘুষি মারেন। পরে স্থানীয় লোকজন এবং অন্য শিক্ষকেরা এসে মোবারককে উদ্ধার করেন। এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে নুরুনবী আজমলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে কসবা থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কসবা পৌর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ ভূইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে উপজেলা শিক্ষক সমিতি আজ বৃহস্পতিবার বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নুরুনবী আজমল মুঠোফোনে বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। দপ্তরি জালাল মিয়া একটি প্রতিবন্ধী মেয়েকে স্কুলে এনে অনৈতিক কাজ করেন। বিষয়টি স্থানীয় লোকজন প্রধান শিক্ষক মোবারক হোসেনকে জানান। এরপর তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় কয়েকজন ছেলে তাঁকে জুতাপেটা করেন। ঘটনার সঙ্গে নুরুনবী জড়িত নন বলে তিনি দাবি করেন।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মোবারক হোসেন পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।