কসবায় ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনতু মিয়া নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের রাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ইনতু মিয়ার (৫০) বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সরিষাহাটি চরপাড়া গ্রামে। তিনি তিন বছর ধরে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ তিনলাখপীর গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে বসবাস করছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বোরহান উদ্দিন গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনতু মিয়া গত বৃহস্পতিবার রাতের খাওয়া শেষে তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় চা পান করতে যান। রাত একটার দিকে বাস থেকে নেমে একজন যাত্রী চারগাছ যাওয়ার জন্য সৈয়দাবাদ তিনলাখপীর গ্রামের জাকির হোসেনের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। এ সময় জাকির একা ভয় পান বলে ইনতু মিয়াকে তাঁর সঙ্গে যাওয়ার অনুরোধ করেন। ইনতু মিয়া তাই জাকিরের সঙ্গে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কসবা উপজেলার রাইতলা গ্রামে আসার পর তিনজন দুর্বৃত্ত গাছ ফেলে সেটির গতিরোধ করে। এ সময় জাকির হোসেন অটোরিকশা ফেলে পালিয়ে গেলেও ইনতু মিয়া পালাতে পারেননি। পরে দুর্বৃত্তরা ইনতু মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে কসবা থানার পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ তিনলাখপীর এলাকা থেকে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। এ বিষয়ে জাকির হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।