কসবায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রাইতলা নামক স্থানে তিনলাখপীর-চারগাছ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইনতু মিয়া (৫০)। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সরিষাহাটি চরপাড়া গ্রামে। তিনি কয়েক বছর ধরে পরিবার নিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ তিনলাখপীর গ্রামে বাস করছিলেন।

এ ঘটনায় ইনতু মিয়ার ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। অটোরিকশার চালক জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ, মামলার এজাহারে করা অভিযোগ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ইনতু রাতে খাবার শেষে প্রতিদিনের মতো গতকাল তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় চা-পান করতে যান। এ সময় এক যাত্রী চারগাছ যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশার চালক জাকিরের বাড়ি সৈয়দাবাদ তিনলাখপীর গ্রামে। রাতে চলাচলে ভয় করছে বলে পূর্বপরিচিত ইনতুকে নিজের অটোরিকশায় উঠতে অনুরোধ করেন জাকির। অনুরোধে সাড়া দিয়ে জাকিরের পাশে বসেন ইনতু। পথে তিনজন দুর্বৃত্ত অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। একপর্যায়ে তারা সড়কে গাছ ফেলে অটোরিকশাটিকে থামায়। চালক অটোরিকশা ফেলে পালিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা ইনতুকে ছুরিকাঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে কসবা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির তলপেটে ছুরিকাঘাতের গভীর চিহ্ন দেখা গেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।