কসবায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরা হসপিটাল (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে দায়িত্ব অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। নবজাতকের বাবা সেলিম মিয়া বাদী হয়ে গত সোমবার রাতে কসবা থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় ওই হাসপাতালের মালিক গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী চিকিৎসক শিরিন সুলতানাকে আসামি করা হয়েছে। তিন সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগে হওয়া অপর একটি মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলহাজতে আছেন।

নবজাতকের বাবার করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কালতা দীঘিরপাড় গ্রামের সেলিম মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (২৫) প্রসব ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমহনী এলাকার বসুন্ধরা হসপিটাল (প্রা.) লিমিটেডে ভর্তি হন। তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচার করেন। তিনি কন্যাসন্তান জন্ম দেন। কিন্তু ওই নবজাতক কোনো নড়চড়া না করায় তাকে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল্লাহর কাছে নেওয়া হয়। এ সময় তিনি (শহীদুল্লাহ) ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন. মামলাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা হবে।