কসবায় নৈশপ্রহরীকে অজ্ঞান করে টাকা লুটের চেষ্টা?
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার নৈশপ্রহরী তাজুল ইসলামকে গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা অজ্ঞান করে দানবাক্সের তালা ভেঙে ফেলে। তবে টাকা লুটের ঘটনা ঘটেনি।
তাজুল ইসলামকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। এ ঘটনায় মাদ্রাসার দপ্তরি মোহাম্মদ ছফিউল্লাহ কসবা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নৈশপ্রহরী তাজুল ইসলাম মাদ্রাসার পাহারায় ছিলেন। প্রতি ঘণ্টায় একটি করে বেল বাজান। রাত একটার সময় ঘণ্টা দিলেও দুইটা ও তিনটার ঘণ্টা বাজেনি। এ সময় দপ্তরি মোহাম্মদ ছফিউল্লাহসহ কয়েকজন মাদ্রাসায় গিয়ে দেখেন অচেতন অবস্থায় তাজুল ইসলাম বারান্দায় পড়ে আছেন। পরে তাঁকে রাতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাদ্রাসার দানবাক্সের চারটি তালা ও বেশ কয়েকটি আসবাব ভাঙচুর করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন, দানবাক্সের তালা ভাঙচুর করা হলেও কোনো টাকা খোয়া যায়নি।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা এম আর মামুন বলেন, চেতনানাশক দিয়ে এটা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।