কসবায় পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল হাসিম ও ইয়াছিন মিয়া রামপুর উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পাহাড় কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দিলেও তা বন্ধ হয়নি। গতকাল সন্ধ্যায় কসবার ইউএনও হাসিনা ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আবদুল হাসিম ও ইয়াছিন মিয়াকে ডেকে আনেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে যে পরিমাণ মাটি কাটা হয়েছে, তা মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও হাসিনা ইসলাম বলেন, পাহাড় কাটা অন্যায়। ওই দুই ব্যক্তিকে পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা করেননি। পরিবেশ আইনে দু্জনের জরিমানা করা হয়।