কসবায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. তাজুল ইসলাম আল মাহমুদ ওরফে মামা হুজুর (৪৬) নামের সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছেন। পুলিশ বলছে, জঙ্গিদের গুলি ও ককটেল হামলায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তাজুলের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার খোরসি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে।

পুলিশ বলছে, তাজুল জঙ্গি দল হরকাতুল জিহাদের শীর্ষ সদস্য। তাঁর নেতৃত্বে বিভিন্ন জায়গায় জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। তাঁর বিরুদ্ধে খুন, বোমা হামলাসহ একাধিক মামলা রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য, উপজেলার কুটি চৌমহনী এলাকার গোপন আস্তানায় ‘আত্মঘাতী জঙ্গি সংগঠনের’ কয়েকজন সদস্য বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘জঙ্গিরা’ ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে। ‘জঙ্গিদের’ গুলিতেই মামা হুজুর ঘটনাস্থলে মারা যান। ‘জঙ্গিদের’ হামলায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

তাজুলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।