কসবায় ফের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে গতকাল সোমবার সকালে গ্রামের আবারও দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রহিজ মিয়া নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
নিহত রহিজ মিয়া (৪৫) কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। নিহত ব্যক্তির লাশ ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নিমবাড়ি গ্রামের ওমর ফারুক, রিফাত মিয়া, আপন মিয়া, সায়মন ভূইয়া, ফেরদৌস মিয়া, আউয়াল মিয়া ও ফুল মিয়া। তাঁরা থানাহাজতে রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিমবাড়ি গ্রামের জমসেদ ভূইয়া ও সুদন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২০ মার্চ সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে সুদন মিয়ার সমর্থিত আনু মিয়ার বাড়িতে জমসেদ ভূইয়ার লোকজন হামলা চালিয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লে সুদন মিয়ার লোকজন জমসেদ ভূইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রহিজ মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে রহিজ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত নাবালক সরকার (৫৫), ইয়াছিন মিয়া (৩৫), খোকন মিয়া (৩৭), ফোরকান মিয়া (৫০), ছোটন মিয়াকে (৩২) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মধ্যে ফোরকান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় নিহত রহিজ মিয়ার ছোট ভাই ফরিদ মিয়া গতকাল বিকেলে জমসিদ ভূইয়াকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন।
জমসেদ ভূইয়া বলেন, গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সুদন মিয়ার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে সুদন মিয়ার নেতৃত্বে তাঁদের বাড়িতে আক্রমণ করা হয়।
এ বিষয়ে সুদন মিয়ার সমর্থক নিহত রহিজ মিয়ার স্ত্রী নারগিছ আক্তার বলেন, পূর্ব বিরোধের জের ধরেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শর্টগানের ২৫ রাউন্ড গুলি ছুড়েছে এবং ঘটনাস্থল থেকে উভয় পক্ষের সাতজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।