কসবায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেহারী ইউনিয়নের শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমানকে (৩৮) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে ছোটন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছোটন মিয়ার বাড়ি মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে। তিনি মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলম মিয়ার ভাই। আহত শিক্ষক জিয়াউর রহমানের বাড়িও ওই গ্রামে। এ ঘটনায় তিনি চেয়ারম্যানের ৫ ভাই, ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে কসবা থানায় মামলা করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক জিয়াউর রহমানের সঙ্গে ইউপি চেয়ারম্যান আলম মিয়ার লোকজনের আগে থেকেই বিরোধ রয়েছে। শনিবার সকালে জিয়াউর রহমান বিদ্যালয়ের শিক্ষকদের কমনরুমে ছিলেন। এ সময় ১০-১২ জন লোক ওই কক্ষে ঢুকে জিয়াউর রহমানকে বেদম মারধর করে। অন্য শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করেন। পরে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষক জিয়াউর রহমানকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রানী ভৌমিক বলেন, অন্য শিক্ষকেরা তাঁকে (জিয়াউর) বাঁচিয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিেদর জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. আলম মিয়া গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়কক্ষে কোনো গন্ডগোল হয়নি। পূর্ববিরোধের জের ধরে বিদ্যালয়ের বাইরে গন্ডগোল হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় ছোটন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।