কসবায় মাদক ব্যবসার বিরোধে যুবক খুন?
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বালুর মাঠ থেকে দেলোয়ার হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দেলোয়ারের লাশের পাশ থেকেই একটি বস্তায় ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মাদক ব্যবসার দ্বন্দ্বের কারণে কেউ তাঁকে খুন করে বালুর মাঠে ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ বলছে, দেলোয়ারের বিরুদ্ধে আখাউড়া, ভৈরব, বেলাব ও সীতাকুণ্ড থানায় ১১টি মাদকের মামলা রয়েছে।
নিহত দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলি গ্রামের মহরম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়ক-সংলগ্ন কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার একটি বালুর মাঠের পাশে স্থানীয় লোকজন গতকাল সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। কসবা থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশেই একটি বস্তায় ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে দেখা গেছে, তাঁর কান কাটা। সেখানে দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণেই কেউ তাঁকে খুন করেবালুর মাঠেফেলে রেখেছে। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওসি বলেন, দেলোয়ার হোসেন এলাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আখাউড়া, ভৈরব, বেলাব ও সীতাকুণ্ড থানায় ১১টি মাদকের মামলা রয়েছে।