কসবায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সিদ্দিক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে চারটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আবু সিদ্দিক মিয়াসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আবু সিদ্দিক মিয়া বাদী হয়ে তাঁর প্রতিপক্ষ মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের শওকত খানসহ ১২ জনকে আসামি করে গতকাল বিকেল কসবা থানায় মামলা দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শ্যামবাড়ি গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক মিয়ার সঙ্গে একই গ্রামের শওকত খানের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে শওকত খান ও তাঁর সমর্থকেরা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা চালান। এ সময় বাধা দিতে এলে তাঁরা পিটিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সিদ্দিক মিয়া (৬৬), তাঁর স্ত্রী মিনুয়ারা বেগম (৫৫), ছেলে রতন মিয়া (২৫) ও নাতি সাজ্জাদ হোসেনকে (৮) জখম করেন। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবু সিদ্দিক মিয়া অভিযোগ করেন, এলাকায় দলাদলি আছে। শওকত খানকে নেতা না মানায় তিনিসহ তাঁর সমর্থিত লোকজন তাঁদের চারটি বসতঘর ভাঙচুর করেছেন। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছেন।
মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে মো. শওকত খান বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে ওসমানের সঙ্গে শ্যামবাড়ি গ্রামের মিন্টুর সঙ্গে একটি গরু চুরির ঘটনা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে গ্রামের লোকজন আবু সিদ্দিকের বাড়িঘর ভাঙচুর করেছেন। তিনি ভাঙচুরের সঙ্গে জড়িত নন।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আবু সিদ্দিক মিয়ার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।