কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত রোববার রাতে এক শিশু (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা কসবা থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ, মামলার এজাহার ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুর বাবার কসবা পৌর এলাকায় কালিকাপুর গ্রামে একটি দোকান আছে। গত রোববার সন্ধ্যায় শিশুটিকে দোকানে বসিয়ে তার বাবা বাজারে যান। এ সময় প্রায় ২০ বছর বয়সী এক তরুণ সাইকেল দিয়ে সেই দোকানে এসে শিশুটিকে তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কসবা হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান। এ ছাড়া ওই তরুণ জানান, তার বাবা তাকে তাঁর সঙ্গে হাসপাতালে যেতে বলেছেন। এ সময় ওই শিশু সাইকেলে করে যুবকের সঙ্গে যায়। একপর্যায়ে ওই তরুণ তাকে কসবা পৌর শহরের পানাইয়ারপাড় গ্রামের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সোমবার সকালে তার জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ি ফিরে সে তার পরিবারের কাছে এ ঘটনার বর্ণনা দেয়। এরপর শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে সোমবার রাতে পুলিশ কসবা পৌর শহরের কর্মকারপাড়া গ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার চাতলপাড় গ্রাম থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাজন মহিউদ্দিন বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।