কসবায় সন্দেহভাজন ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। গতকাল দিবাগত রাতে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির নাম সাকিব। তাঁর বাড়ি কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় ধাওয়া খেয়ে তারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে নিহত সাকিবের পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।