কসবায় ২১ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
ছেলেমেয়ে নিয়ে ঈদ করবেন বলে আড়াই মাস আগে বাহরাইন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসেছেন নজরুল ইসলাম। তিন বছর পর বাড়ি ফিরেছেন তিনি। অন্যবারের চেয়ে এবারের ঈদ ঘিরে পরিবারটির প্রস্তুতি ছিল জমজমাট। কিন্তু ঈদের মাত্র তিন দিন আগে সব আনন্দ ছাপিয়ে পরিবারটিতে আছড়ে পড়ে বাড়ির একমাত্র শিশুসন্তানকে হারানোর বেদনা। বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শাহজালাল (৮)। গতকাল শনিবার পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শাহজালাল কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের প্রবাসী নজরুল ইসলাম ও গৃহিণী শাহানা বেগমের একমাত্র ছেলে। এ দম্পতির আরও দুটি মেয়ে আছে। শাহজালাল মাইজখার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিখোঁজ শিশুটির পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, শাহজালাল গত ২৬ জুলাই বিকেলে বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। এরপর অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে ২৭ জুলাই কসবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নজরুল ইসলাম। কিন্তু গতকাল পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।
কেউ ছেলেটির খোঁজ পেলে ০১৭২৬৫৭৭৩৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান নজরুল ইসলাম। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ছেলেটি নিখোঁজ হওয়ার বিষয়টি সারা দেশের থানাগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।