কসবায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কথিত এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশের দাবি, এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ বেশি কিছু অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম রহিজ মিয়া (৪৫)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে। বাবার নাম সওদাগর ফকির।
রহিজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবির বিষয়ে নিহত রহিজ মিয়ার পরিবারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য, গতকাল বিকেলে রহিজ মিয়াকে গোপীনাথপুর এলাকা থেকে ৩০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধার করতে গেলে তাঁর সহযোগীরা পুলিশের ওপর গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় রহিজ মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
পুলিশের ভাষ্য, এই ঘটনায় আহত পুলিশের পাঁচ সদস্যকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।