কসবায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ‘বন্ধুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর। তিনি ডাকাতির কাজে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের উত্তর পাশে রাত একটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। পরে ডাকাত দল রাতে টহলরত পুলিশের গাড়িতে আক্রমণ করে এবং গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
ডাকাতের গুলিতে আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া ও সালাউদ্দিন এবং কনস্টেবল নুরুল ইসলাম ও মোহাম্মদ হোসেন খান। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির বুক ও পেটে চারটি গুলি লেগেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।