কাঁচপুর শিল্পাঞ্চলের প্রধান সড়ক বেহাল
দীর্ঘদিন ধরে মেরামত না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকার প্রধান সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের কাঁচপুর চৌরাস্তা থেকে গঙ্গাপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক দীর্ঘদিনেওমেরামত করা হয়নি। এতে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়। এতে সড়কটিতে গাড়ি ঠিকমতো চলাচল করতে পারে না।
কাঁচপুর বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এটি কাঁচপুর শিল্পাঞ্চলের প্রধান সড়ক। এ সড়ক ব্যবহার করে শিল্পাঞ্চলের ৪৫টি শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বাসিন্দারা চলাচল করেন। কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়, সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এ সড়ক ব্যবহার করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা করে। দুই বছর ধরে এ সড়ক চলাচলের অনুপযোগী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ সড়ক মেরামত করার জন্য ইতিমধ্যে এলাকাবাসী এলজিইডির ঢাকার সদর দপ্তর, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ও সোনারগাঁ উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেও কোনো ফল পায়নি।
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, ‘আমি গত জুনে দায়িত্ব নেওয়ার পর সড়কটি মেরামত করার জন্য স্থানীয় সাংসদ ও এলজিইডির প্রকৌশলীদের অনুরোধ করেছি। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন।’ সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘সড়কটির দুরবস্থার কারণে এলাকাবাসী দুই বছর ধরে দুর্ভোগে আছে। আমি সড়কটি মেরামত করার জন্য গত দুই বছরে চারবার লিখিত আবেদন করেছি। এলজিইডির প্রকৌশলীরা আশ্বাস দিয়েও কথা রাখেননি।’
সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুল ইসলাম বলেন, ‘সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়।’
এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নূর নবী পাঠান বলেন, ‘বিষয়টি আমি এলজিইডির প্রধান কার্যালয়কে লিখিতভাবে জানিয়েছি। অর্থ বরাদ্দ না থাকায় মেরামত করা যাচ্ছে না।’