কাঁচপুরে উচ্ছেদ অভিযানে লাভবান আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উচ্ছেদ অভিযান আওয়ামী লীগ নেতাদের তদবিরে হয় বলে অভিযোগ উঠেছে।
উচ্ছেদ হওয়া কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সওজের জায়গায় আওয়ামী লীগের নেতারা ফলের দোকান, কাঁচামাল, বিড়ি সিগারেটের দোকান, কাপড়সহ বিভিন্ন দোকান বসিয়েছেন। প্রতিটি দোকান থেকে প্রথমে অগ্রিম বাবদ ২০-৩০ হাজার টাকা নিয়েছেন। আর প্রতি মাসে ১০-২০ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজ অর্থে এসব দোকান নির্মাণ করেছেন। আওয়ামী লীগের নেতারা শুধু তাঁদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে প্রতি মাসে কয়েক কোটি টাকার চাঁদাবাজি করেন।
৬ মে উচ্ছেদ অভিযানের সময় ৮০০ দোকান উচ্ছেদ করা হয়। তবে এ সময় অক্ষত রাখা হয় স্থানীয় কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কার্যালয়টি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর ও তাঁর ছোট ভাই যুবলীগের নেতা বাবু ওমর, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে একটি সিন্ডিকেট সওজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা শুরু করে। স্থানীয় পর্যায়ে বাধা দূর করতে বিএনপির কয়েকজন নেতাকেও এ সিন্ডিকেটে রাখা হয়। সিন্ডিকেট গঠন করার পর ৮০০ দোকান থেকে অগ্রিম হিসেবে গড়ে ২৫ হাজার টাকা করে দুই কোটি টাকা নেওয়া হচ্ছে। আর প্রতি মাসে ভাড়া হিসেবে গড়ে ১৫ হাজার টাকা করে ১ কোটি ২০ লাখ টাকা তোলা হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ী আলম চাঁন বলেন, ‘দোকান নেওয়ার সময় নেতারা আমাদের শর্ত দেন, সরকার উচ্ছেদ অভিযান চালালে অগ্রিম টাকা ফেরত দেওয়া হবে না। এ শর্ত মেনে নিয়েই পেটের তাগিদে আমরা অগ্রিম টাকা দিয়ে ব্যবসা করি। ২০০৮ সাল থেকে গত বুধবার পর্যন্ত ১০ বার সরকার এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে আওয়ামী লীগের নেতারা প্রতি মাসের ভাড়ার টাকা ছাড়াই শুধু অগ্রিম বাবদ ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।’
আলম চাঁন আরও বলেন, ৬ মের অভিযানের পর আওয়ামী লীগের নেতারা ক্ষুদ্র ব্যবসায়ীদের জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে আবার দোকানপাট নির্মাণ করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। যারা দোকান নিতে ইচ্ছুক, নতুন করে তাদের অগ্রিম টাকা জমা দিয়ে তালিকায় নাম লেখাতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, দোকানগুলো থেকে অগ্রিম দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্যই প্রশাসনে তদবির করে আওয়ামী লীগ নেতারা উচ্ছেদ অভিযান চালিয়েছেন। প্রতিবছরই ‘অগ্রিম’ টাকা আদায়ের জন্য এভাবে উচ্ছেদ করা হচ্ছে। আর আওয়ামী লীগের নেতাদের এই অনিয়মের সঙ্গে যে প্রশাসন জড়িত, তার প্রমাণ আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ না হওয়া। এ কার্যালয়টিতে বসেই নেতারা অবৈধ স্থাপনা থেকে ভাড়া হিসেবে নেওয়া টাকার ভাগাভাগি করেন।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা মোশারফ ওমর বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এত টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। দলের খরচের জন্য আমাদের কর্মীরা দৈনিক কিছু টাকা নেন—এ কথা সত্য।’ শ্রমিক লীগের নেতা আবদুল মান্নানও একই ধরনের কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে দীর্ঘ যানজটের মূল কারণ কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। যানজটমুক্ত করতে সওজের অনুরোধে প্রশাসন ওই স্থানে উচ্ছেদ অভিযান চালায়। এর পেছনে অন্য কারণ আছে কি না, তা তদন্ত করে বের করা হবে।