কাঁচপুরে বিসিকের জমিতে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরের প্রধান ফটকের সামনের জায়গায় প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে উৎপাদন ব্যাহতসহ নানা সমস্যায় পড়েছেন শিল্পকারখানার মালিকেরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) কাঁচপুর শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান গত ২৫ অক্টোবর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে দুটি সড়কের দুই পাশ স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এসব জায়গায় অবস্থান করা বহিরাগত বখাটেরা প্রতিদিন শিল্পকারখানায় কর্মরত নারী শ্রমিকদের উত্ত্যক্ত করে। এ ছাড়া সন্ত্রাসী ও মাদকসেবীরা শিল্পকারখানার কর্মকর্তা ও শ্রমিকদের টাকাপয়সা প্রায়ই ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ভয়ে অনেক কর্মকর্তা ও শ্রমিক চাকরি ছেড়ে চলে যাচ্ছে। সেই সঙ্গে প্রভাবশালীরা বিসিকের নিজস্ব সম্পত্তির ওপর নির্মাণ করা নালার ওপর দোকানপাট নির্মাণ করেছেন। তাঁদের দোকানপাটের বর্জ্য দিয়ে নালা ভরাট হওয়ার কারণে শিল্পকারখানাগুলো থেকে নির্গত পানি ও বৃষ্টির পানি নিষ্কাশিত হতে পারছে না। ফলে বিসিকের ভেতরে পানি জমে থাকায় অসুবিধা সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের সামনের সড়কের দুই পাশে চা-বিস্কুট, গ্যাস সিলিন্ডার প্রভৃতির দোকান গড়ে উঠেছে। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও আছে সেখানে।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, বিসিকের ভূমি বরাদ্দ কমিটির ৩৪তম সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত বছরের ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত পত্র দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
দখলদার কাঁচপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমান ও শফিকুল হাসান জায়গাটি বিসিকের স্বীকার করে বলেন, জায়গা খালি দেখে তাঁরা এখানে দোকান নির্মাণ করেছেন। উচ্ছেদ করা হলে তাঁরা চলে যাবেন।
এদিকে বিসিকের ভূমি বরাদ্দ কমিটি থেকে চিঠি পাওয়ার পর উপজেলা প্রশাসন ৩ নভেম্বর অবৈধ দখলদারদের একটি তালিকা করেন। উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) জালাল উদ্দিন বলেন, ‘আমরা সরেজমিন তদন্ত করে ৪১ জন দখলদারের তালিকা তৈরি করেছি। এসব দখলদারকে উচ্ছেদ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত পত্র দিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া বলেন, তিনি সরেজমিনে বিসিকের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রমাণ পেয়েছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই দখলদারদের উচ্ছেদ করা হবে।