কাঁচপুরে সওজের জমি দখলে নিল যুবলীগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুর হাইওয়ে থানার দক্ষিণ পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ১৫ শতক জমি দখল করে নিয়েছেন স্থানীয় যুবলীগের নেতারা। গতকাল মঙ্গলবার পুলিশের উপস্থিতিতেই অস্ত্র নিয়ে মহড়া করে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই জমি দখল করে নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিটন খান ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের নেতৃত্বে এ দখল পরিচালিত হয়েছে। গতকাল সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক শ তরুণ-যুবক লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেন। দখল করা ওই জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে নির্মাণাধীন কাঁচপুর দ্বিতীয় সেতুর সংযোগ সড়কের পাশে ও কাঁচপুর হাইওয়ে থানা থেকে ২০০ মিটার দূরে এসএস নামের একটি পেট্রলপাম্পের উত্তর পাশে ওই ১৫ শতক জমির অবস্থান। এর পাশেই সওজের জমি দখল করে নির্মাণ করা হয়েছে ইউনিয়ন যুবলীগের কার্যালয়। গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজে ব্যবহার করা মীর আক্তার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের খননযন্ত্র ও ট্রাক ব্যবহার করে ওই জমিতে মাটি ফেলে সমান করা হচ্ছে। যুবলীগ নেতা লিটন খান ও মাহাবুব পারভেজ কাজের তদারকি করছেন। সেখানে লাঠি হাতে ৭০-৮০ জন তরুণ ও যুবক। পাশেই কাঁচপুর হাইওয়ে থানা। সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। এলাকাবাসী কিছুটা দূরে দাঁড়িয়ে দখলবাজির কার্যক্রম দেখেছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সওজের কয়েকজন কর্মচারী দখল কার্যক্রমে বাধা দিলেও পরে তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা লিটন খান ও মাহাবুব পারভেজ বলেন, সওজের জায়গায় ইউনিয়ন যুবলীগের কার্যালয় নির্মাণ করা হয়েছে, এ কথা সত্য। কার্যালয়ের পাশের জায়গা দখলবাজির সঙ্গে তাঁরা জড়িত নন। জায়গাটি বালু ভরাট করে দখল করার সময় দেখতে গিয়েছিলেন।
দখল করা জায়গার দক্ষিণ পাশের এসএস পেট্রলপাম্পের মালিক সাইদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সওজের জায়গা দখল করতে গিয়ে কিছু যুবক আমার পাম্পের দেয়াল ভেঙে ফেলেছে। তাদের ভয়ে আমরা প্রতিবাদ করতে সাহস পাইনি।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক তৈয়বুর রহমান বলেন, যেহেতু সম্পত্তিটি সওজের, তাই তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘সওজের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দখল বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন মুঠোফোনে বলেন, ‘সওজের জায়গা দখলের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’