কাঁচপুরে সওজের জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় দেড় বিঘা জমি দখল করে দুটি ঘর নির্মাণ করা হয়েছে।
সওজ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলের বিপরীতে আল নূর পেপার মিলের পাশে সওজের প্রায় দেড় বিঘা জমি সম্প্রতি বালু ভরাট করে ‘বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ’ নামে একটি সংগঠন। এলাকাবাসী ও সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বালু ভরাটের কাজ বন্ধ করার জন্য এ সংগঠনের নেতাদের অনুরোধ করলেও তাঁরা শোনেননি। তাঁরা জবরদখল চালিয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সওজের মালিকানাধীন নিচু জমি বালু দিয়ে ভরাট করে দুটি ঘর নির্মাণ করা হয়েছে। দুটি ঘরেই পেশাজীবী পরিষদের সাইনবোর্ড টাঙানো হয়েছে।
এলাকাবাসী জানান, মেহেদী হাসান নামের এক ব্যক্তি নিজেকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি পরিচয় দিয়ে এ দখলবাজি করছেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কিছু নেতা আছেন।
অনুসন্ধানে জানা যায়, জমিটি দখল করার পর দখলদারেরা জমিটি উচ্চ মূল্যে স্থানীয় একটি শিল্পকারখানার মালিকের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন। দখল করা জমিতে বর্তমানে ওই শিল্পকারখানার ট্রাক রাখা হচ্ছে।
জানতে চাইলে মেহেদী হাসান বলেন, ‘জমির প্রকৃত মালিক সওজ, এ কথা সত্য। আমরা সওজের কাছ থেকে লিজ (ইজারা) নেওয়ার আবেদন করেছি। আমাদের আবেদন প্রক্রিয়াধীন থাকায় বালু ভরাট করে ঘর নির্মাণ করেছি।’
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর বলেন, ‘আমাদের দলীয় কয়েকজন ব্যক্তি এটি ভরাট করেছেন। এখন সরকার যে ব্যবস্থা নেবে, তা তাদের মেনে নেওয়া উচিত।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলম বলেন, ‘বারবার বাধা দেওয়া সত্ত্বেও সওজের এ জায়গা দখল করে নেওয়া হয়েছে। আমরা দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’