কাঁটাখালী পৌরসভার ৭০ লাখ টাকা লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালী পৌরসভার মেয়র সাত মাস ধরে কারাগারে রয়েছেন। এ সময়ে পৌরসভার তিনটি ব্যাংক হিসাব থেকে ৭০ লাখ টাকা লোপাট করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরে পৌরসভার সহকারী প্রকৌশলী কাম সচিব কার্যালয়ে আসছেন না।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে কাঁটাখালী পৌরসভার মেয়র ও জামায়াতের নেতা মাজেদুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পৌরসভায় কোনো ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেওয়া হয়নি। প্যানেল মেয়র হিসেবে শুধু কাউন্সিলর আবদুল মোক্তাদির নৈমিত্তিক দায়িত্ব পালন করেছেন। তাঁর কোনো আর্থিক লেনদেন করার ক্ষমতা ছিল না। মেয়র গ্রেপ্তারের আগে থেকেই পৌরসভায় অচলাবস্থা চলছিল।
২২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র আবদুল মোক্তাদিরকে ভারাপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে চিঠি পাঠানো হয়। ২৬ এপ্রিল মোক্তাদির চিঠি হাতে পান। এরপর তিনি ব্যাংকে খোঁজ নিয়ে পৌরসভার তহবিল শূন্যতার বিষয়টি জানতে পারেন। কাঁটাখালী পৌরসভার নামে থাকা পূবালী ব্যাংকের কাঁটাখালী শাখার দুটি হিসাব নম্বর থেকে ও সোনালী ব্যাংকের পবা শাখার একটি হিসাব নম্বর থেকে এ বিপুল পরিমাণ টাকা তোলা হয়।
ব্যাংক বিবরণী অনুযায়ী, পূবালী ব্যাংকের কাঁটাখালী শাখার একটি হিসাব নম্বর থেকে গত ১৩ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ৭৮ লাখ ৯ হাজার ৪৬২ টাকা তোলা হয়েছে। এর মধ্যে ১৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার একটি চেক মেয়র গ্রেপ্তার হওয়ার পর তোলা হলেও গ্রেপ্তারের আগের তারিখে ব্যাংকে জমা দেওয়া ছিল। এ ছাড়া ১০ নভেম্বর একই ব্যাংকের অন্য হিসাব নম্বর থেকে তিনটি চেকের মাধ্যমে ৩৯ হাজার ৯৬২ টাকা এবং সোনালী ব্যাংকের পবা শাখা থেকে ২ অক্টোবর থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাতটি চেকে মোট ১০ লাখ ৯৬ হাজার ২০০ টাকা তোলা হয়েছে।
ব্যাংক বিবরণীতে দেখা যায়, কয়েকটি চেক পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফারুক, স্থানীয় হাবিব ট্রেডার্স, ইসলাম এন্টারপ্রাইজ, শরীফুল ও শফিকুলের নামে দেওয়া হয়েছে। অনলাইনেও কিছু টাকা ওঠানো হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত মেয়র চিঠি পাওয়ার পর থেকে পৌরসভার সহকারী প্রকৌশলী কাম সচিব খন্দকার ফিরোজ আহাম্মেদকে পাওয়া যাচ্ছে না। পৌরসভার তাঁর শেষ কর্মদিবস ছিল গত ২৭ এপ্রিল।
জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়র আবদুল মোক্তাদির বলেন, ১ মে সচিব (খন্দকার ফিরোজ) তাঁর মুঠোফোনে একটি খুদেবার্তা পাঠান। তাতে তিনি বলেছেন, তিনি বরিশালে চলে গেছেন। এর পর থেকে তিনি আর ফোন ধরছেন না।
গতকাল রোববার একাধিকবার সচিবের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। হিসাবরক্ষক ফারুকের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
পূবালী ব্যাংকের কাঁটাখালী শাখার সাবেক ব্যবস্থাপক খোসদার আলী বলেন, চার মাস আগে তিনি ওই শাখা থেকে বদলি হয়েছেন। তবে মেয়রের অনুপস্থিতিতে টাকা তোলার বিষয়ে তিনি বলেন, এগুলো মেয়র কারাগারে যাওয়ার আগের স্বাক্ষরিত চেক হতে পারে। তা ছাড়া সচিবেরও স্বাক্ষর একই চেকে থাকে।