কাঁদায় সন্তানকে গলাটিপে হত্যা!
কান্না করায় জেহাদী হোসেন নামের তিন মাসের সন্তানকে গলাটিপে হত্যা করেছেন প্রতিবন্ধী এক মা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকা থেকে জেহাদীর মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
জেহাদী বড়াইবাড়ি কলতারপাড় গ্রামের আবু হাসান ও ইনছেনা বেগম দম্পতির একমাত্র ছেলে। পুলিশের কাছে জেহাদীকে হত্যার কথা স্বীকার করেছেন তার মা।
পলাশী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান জানান, আবু হাসান ঢাকায় রিকশা চালান। জেহাদীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মানসিক প্রতিবন্ধী ইনছেনা বেগম (২৩)। গতকাল সকালে জেহাদী কান্নাকাটি করায় ক্ষিপ্ত হয়ে ইনছেনা মুখে কাপড় ঢুকিয়ে তাকে গলাটিপে হত্যা করে লাশ পাশের একটি নালায় পুঁতে রাখেন। এরপর ইনছেনা বেগম সন্তানের খোঁজ চেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বাড়ির পাশের নালায় পুঁতে রাখা শিশুটির দুই পা দেখতে পান। তখন ইনছেনাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে আদিতমারী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফিরোজ কবির বলেন, জিজ্ঞাসাবাদে ইনছেনা ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। শিশুটির বাবা ঢাকা থেকে এলে হত্যা মামলা করা হবে।