কাউকে আটক করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বাদশাঘোনা পাহাড়ে গত রোববার দুপুরে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় বাদশাঘোনা পাহাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই রকি বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড সন্ত্রাসী রানাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
কক্সবাজার পুলিশ লাইনের পেছনে বাদশাঘোনা পাহাড়ে গত রোববার দিনদুপুরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। সৈকত ও পাহাড়ি এলাকার জমির দখল-বেদখল এবং আধিপত্য বিস্তার নিয়ে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত দুজন হলেন বাদশাঘোনা এলাকার নুরুল আলম ডাকাত ও রোহিঙ্গার কালু ডাকাত।
পুলিশ জানায়, নুরুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। আর রোহিঙ্গা কালু মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাদশাঘোনা পাহাড়ের রোহিঙ্গা বসতিতে থাকতেন।
এর আগে গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতিবাজার এলাকায় রকি ও হাসনাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে শেখ আবদুল্লাহ নামের এক যুবক নিহত হন।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।