কাউকে এখনো আটক-গ্রেপ্তার করা হয়নি: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে আজ বুধবার জানিয়েছে পুলিশ। তবে চারজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

যদিও এর আগে সেনা সদরের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল একজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। এরপর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছিলেন, গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম তাঁর কার্যালয়ে সাংবাদিকেদের বলেন, ‘আমাদের কাস্টডিতে কেউ নেই। চারজনকে সন্দেহ করা হচ্ছে। তাঁদের মধ্যে দুজন রেস্তোরাঁর কর্মী ও দুজন জিম্মি দশা থেকে বেঁচে ফিরেছেন।’

ওই হামলার পরদিন সেনা সদর দপ্তরের করা সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনায় একজন সন্দেহভাজন জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। এরপর গত সোমবার ওই হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার শোকসভার পর আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হলি রেস্তোরাঁর রান্নাঘরের কর্মী জাকির হোসেন ওরফে শাওনকে শুক্রবার রাতেই আহত অবস্থায় আটক করা হয়। তিনি গুরুতর আহত হওয়ায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে তাঁকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে জাকির হোসেনের পরিবার অভিযোগ করেছে, তাঁকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের পরে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনার আরেক সন্দেহভাজন রেস্তোরাঁকর্মী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, জিম্মি দশা থেকে বেঁচে ফেরা দুজনকেও সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন তাহমিদ খান ও হাসনাত রেজা করিম। তাঁদের দুজনের কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, শুক্রবারই তাহমিদ কানাডা থেকে ফিরেছেন। এরপর বিশ্রাম না নিয়ে কেন তিনি সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে গুলশানের ওই রেস্তোরাঁয় গেলেন—এসব বিষয়সহ কয়েকটি বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাহমিদ কিছু ব্যাখ্যা দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। আর হাসনাত করিম এক সময় হিযবুত তাহরিরের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তবে ওই ঘটনায় তাঁর বিভিন্ন আচরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এগুলো যাচাই করা হচ্ছে। এ দুজনেরই কম্পিউটারসহ যোগাযোগ সামগ্রী জব্দ করা হয়েছে।