কাউকে কোপাল, কারও শরীর থেঁতলে দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঠিসোঁটা ও রড দিয়ে দিয়ে পিটিয়ে কারও শরীর থেঁতলে দেওয়া হয়েছে। কারও মাথা ও পায়ে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল শনিবার দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকটি কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে ১০ জনকে। উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র।
সংঘর্ষের ঘটনায় জড়িত ছাত্রলীগের দুটি পক্ষ হলো শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন কনকর্ড ও একাকার। উভয় পক্ষই চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে নগরমুখী শাটল ট্রেন ছাড়ার আগে কনকর্ড পক্ষের কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একাকার পক্ষের কর্মীদের ওপর হামলা চালান। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জিহাদ রশিদ, রসায়ন বিভাগের নিতুল চৌধুরী, রাজনীতি বিজ্ঞান বিভাগের রাহুল মজুমদার, পদার্থবিদ্যা বিভাগের নিয়াজ আরেফিন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে একাকার পক্ষের কর্মীরা শাহজালাল হলের ও কনকর্ড পক্ষের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের কর্মীরা একে অন্যকে লক্ষ৵ করে ইট-পাথর ছুড়ে মারেন। এ সময় কনকর্ড পক্ষের কর্মী ও ভূগোল বিভাগের ছাত্র ছোটন শর্মাকে মারধর করা হয়। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে সরিয়ে দেয়।
ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে নগরের ষোলোশহর রেলওয়ে স্টেশনে কনকর্ড পক্ষের কয়েকজন কর্মীকে মারধর করেন একাকার পক্ষের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে দুই পক্ষের জ্যেষ্ঠ নেতারা কয়েকবার বসলেও সুরাহা হয়নি। পরে দুই পক্ষই প্রক্টরের কাছে অভিযোগ করেন। এ ঘটনার রেশ ধরেই গতকাল সংঘর্ষ হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দুপুরে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকে বিকেল পাঁচটার দিকে কনকর্ড পক্ষের নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন ক্যাম্পাসে যান। শাহ আমানত হলের সামনে তিনি অটোরিকশা থেকে নামলে একাকার পক্ষের নেতারা তার ওপর হামলা চালান। তাঁর ডান হাতে ও বাম হাঁটুতে দা দিয়ে কোপানো হয়। মাথায় আঘাত করা হয়। হামলায় তাঁর ডান হাতের রগ কেটে যায়। এ নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে দুই পক্ষের পাঁচজন করে মোট ১০ জনকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়।
হাসপাতালে একাকার পক্ষের নিয়াজ আরেফিন জানান, তাঁকে লাঠিসোঁটা, রড ও দা দিয়ে কনকর্ডের কর্মীরা মাথা, হাত ও পিঠে আঘাত করেন। কনকর্ড পক্ষের ছোটন শর্মা জানান, লাঠিসোঁটা ও রড দিয়ে দিয়ে তাঁর সারা শরীর থেঁতলে দেওয়া হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
হামলার বিষয়ে একাকার পক্ষের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপদপ্তর সম্পাদক ইমাদ সাহিল জানান, কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টির মীমাংসা হয়েছে। কিন্তু তারপরও তাঁদের ওপর কনকর্ড পক্ষ হামলা চালিয়েছে।
তবে হাসপাতালে চিকিৎসাধীন কনকর্ড পক্ষের নেতা নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, শিবিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে এক কর্মীকে তাঁদের সংগঠন থেকে বের করে দেওয়া হয়। পরে ওই কর্মী একাকার পক্ষে যোগ দেন। কয়েক দিন আগে ষোলোশহর স্টেশনে ওই কর্মীসহ আরও কয়েকজন তাঁদের নেতা-কর্মীদের মারধর করেন। এর রেশ ধরেই এ ঘটনা ঘটে। তিনি বিষয়টির সুরাহা করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা হয়।