ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুরে বোমা ফাটিয়ে বাস থামিয়ে গুলি করে ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও কী কারণে রোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটল, তা-ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ব্যস্ত সড়কে বাসযাত্রীদের সামনে গুলি করে হত্যার পর খুনিরা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও নুরুল ইসলামের ব্যবসায়িক সহকর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান জানান, নুরুল ইসলামকে খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি ছিনতাই নয়। হত্যাকাণ্ডের সঙ্গে আর্থিক বিষয় জড়িত থাকতে পারে।
ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে গতকাল গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে চলছে মাতম। আবার নুরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন, ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সাজেদুল ইসলাম ও মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী নওশীন হাদীকে দেখা গেল শোকে বাক্রুদ্ধ। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা হাজি হানিফা ও মা আনোয়ারা বেগমও।
এই অবস্থার মাঝেই কিছুটা ধাতস্থ হয়ে একসময় নুরুল ইসলামের বাবা জানান, তাঁদের সঙ্গে কারও পূর্বশত্রুতা নেই। তবে ব্যবসায়িক কারণে তাঁর ছেলের সঙ্গে কারও বিরোধ রয়েছে কি না, তা তাঁরা জানেন না।
নুরুল ইসলামের স্ত্রী জানান, গত সোমবার সকাল নয়টায় তাঁর স্বামী বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে বের হন। বিকেল পাঁচটায় স্বামী ফোন করে জানতে চান, ছেলে-মেয়ে ও তিনি দুপুরের খাবার খেয়েছেন কি না। এটাই ছিল তাঁর সঙ্গে শেষ কথা। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি স্বামীর মৃত্যুর খবর পান।
নুরুল ইসলাম ওই দিন রাত পৌনে নয়টার দিকে রাজধানীর মোতালিব প্লাজায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে উৎসব পরিবহনের বাসযোগে নারায়ণগঞ্জের বাসায় ফিরছিলেন। পথে লিংক রোডের মাহমুদপুর এলাকায় দুর্বৃত্তরা মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বাসটি থামায়। কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে নুরুল ইসলামকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামসহ যাত্রীবাহী বাসটি নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে চালক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে দাফন করা হয়েছে নুরুল ইসলামের মৃতদেহ।
অনুসন্ধানে জানা যায়, ঘটনার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আট কিলোমিটার এলাকায় পুলিশের দুটি চেকপোস্ট ছিল। পুলিশের একটি টহল দলও ছিল কর্তব্যরত। এ ছাড়া সাইনবোর্ড ও খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম এলাকায় পুলিশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল।
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া পানোরমা প্লাজার ব্যবসায়ী ও নুরুলের সহকর্মীরা জানান, এখানে নুরুলের দুটি কসমেটিকসের দোকান রয়েছে। আর ঢাকার মোতালিব প্লাজায় তাঁর মুঠোফোনের দোকান। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির ও ভালো মানুষ ছিলেন। তাঁর মতো একজন মানুষকে এভাবে হত্যার ঘটনায় তাঁরা দারুণ ক্ষুব্ধ। এ ঘটনার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দিনভর দোকানপাট বন্ধ রাখেন তাঁরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গতকাল বলেন, নুরুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জোর তদন্ত চলছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করবেন বলে কথা রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি চলছে।