কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

সিলেটে ব্লগার, লেখক ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ হত্যা করেছে বলে অভিযোগ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় চারজন মুখোশধারীকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এই মামলা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বুধবার থেকে মামলার তদন্তকাজ শুরু হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মুখোশধারী শনাক্ত কিংবা সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সিলেট নগরে সিলেটের প্রগতিশীল ছাত্র জোট ও গণজাগরণ মঞ্চের ডাকে আধা বেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল শেষে পরবর্তী কর্মসূচি হিসেবে কাল শুক্রবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় গত মঙ্গলবার নিজ বাসার অদূরে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী চার যুবক। ওই দিনই পুলিশ বলে, অনন্তর ওপর হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, ব্লগার রাজীব হায়দার ও অভিজিৎ রায়ের মতো এই হত্যায় উগ্রপন্থী কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে। এ ধারণা পরিবারের সদস্যদেরও। চারজন মুখোশধারীকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ উল্লেখ করে মামলার এজাহারে বলা হয়, অনন্ত ব্যাংকে চাকরি করার পাশাপাশি লেখালেখি করতেন। একজন প্রগতিশীল চিন্তাধারার লোক ছিলেন অনন্ত। বিভিন্ন ব্লগে লেখালেখির মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা করতেন। এ কারণে কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী খুন করতে পারে বলে সন্দেহ।
মামলার বাদী রত্নেশ্বর দাশ প্রথম আলোকে জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনন্তর কোনো শত্রু নেই। এর আগে ব্লগার ও লেখকদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, একই কায়দায় অনন্তর ওপর আক্রমণ হয়েছে। এ কারণেই তিনি সন্দেহ করছেন, লেখালেখির কারণে তৈরি হওয়া শত্রুরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
গতকাল দুপুরে অনন্তর বাসা পরিদর্শন করেছেন মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলা হওয়ার পর আসামি শনাক্ত করার কাজ চলছে। এ কাজে যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তার সবই নেওয়া হয়েছে।’
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল থেকে তদন্ত শুরু হয়েছে। পুলিশ, গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে। তদন্তের শুরুতে মুখোশধারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে শনাক্ত করার কাজ চলছে। তবে গতকাল পর্যন্ত শনাক্ত করা যায়নি।
মহানগর পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীর বয়ান শুনে এ হত্যায় চার যুবক অংশ নিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। টুইটারে ‘আনসার বাংলা ৮’ নামের একটি আইডি থেকে হত্যার দায় স্বীকার করে টুইট করার বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। এ ঘটনায় উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে স্থানীয় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটা ধরেও তদন্ত চালানো হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরো হত্যাকাণ্ডের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনার প্রত্যক্ষদর্শীর বয়ান ও আলামত থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি। এর বাইরে অনন্তর লেখালেখি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে একাধিকবার হুমকি দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে।’
শান্তিপূর্ণ হরতাল পালন: অনন্ত হত্যার প্রতিবাদে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট ও গণজাগরণ মঞ্চের ডাকে এ কর্মসূচি পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকেই নগরের কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ছয়টায় হরতাল আহ্বানকারীরা নগরের কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা পিকেটিংয়ে অংশ নেন। হরতাল চলাকালে সীমিত পরিসরে রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন খুব একটা চলেনি।
হরতাল শেষে দুপুর ১২টায় নগরের কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ হয়। এ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেটের সমন্বয়ক আবু জাফর, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সহিদুজ্জামান, ছাত্রফ্রন্ট নেতা প্রণব জ্যোতি পাল প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশ থেকে আগামীকাল শুক্রবার বেলা চারটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সংহতি সমাবেশ’ পালনের ঘোষণা দেওয়া হয়। এ সমাবেশে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনন্তকে হত্যার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় হত্যার ঘটনাস্থলের সামনে স্থানীয় লোকজনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে পড়াশোনা শেষ করে পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন অনন্ত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তিনি অবিবাহিত ছিলেন। মুক্তমনা ও সামহ্যোয়ার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন অনন্ত।
অনন্তর লেখা ও সম্পাদিত বইয়ের মধ্যে পার্থিব (শুদ্ধস্বর, ২০১১, সহলেখক সৈকত চৌধুরী), সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেস্কো অধ্যায় (শুদ্ধস্বর, ২০১২), ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা (অবসর, ২০১১) উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি বিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক ছোট কাগজ যুক্তি নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন।