মিরপুরে জমি ব্যবসায়ী হাফেজ মো. হাফিজুর রহমান হত্যার সঙ্গে জড়িত কাউকে গতকাল বুধবারও শনাক্ত করতে পারেনি পুলিশ। নিখোঁজ হওয়ার আট দিন পর গত মঙ্গলবার মিরপুরের উত্তর পীরেরবাগের একটি বাসা থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দারুসসালামের ছোট দিয়াবাড়ি এলাকায় এক বাসায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন হাফিজুর। গত ২৪ নভেম্বর রাতে তিনি চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, যে বাসা থেকে হাফিজুরের লাশ উদ্ধার করা হয়েছে, ওই বাড়ির মালিক মো. শাহরিয়ার পুলিশকে জানিয়েছেন, ৪ নভেম্বর স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন হাফিজুর। তবে তিনি নিয়মিত বাসায় থাকতেন না। লাশ উদ্ধারের পর থেকে ওই নারীকে আর পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে শ্বাসরোধে ব্যবহৃত পাটের দড়ি, ইনজেকশনের সিরিঞ্জ ও কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই নারী কোনো না কোনোভাবে জড়িত। পুলিশ ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করছে।
নিহত হাফিজুরের ভাই আবদুস সালাম বলেন, ‘উনি (হাফিজুর) দ্বিতীয় বিয়ে করেছিলেন বলে আমাদের জানা নেই। কোন মেয়ের সঙ্গে উনি পীরেরবাগের বাসায় উঠেছিলেন—তাও বলতে পারছি না। জমি ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিরোধ থাকতে পারে।’
মঙ্গলবার হাফিজুরের স্ত্রীকে মুঠোফোনে ওই বাসার ঠিকানা দিয়েছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পুলিশ ওই ব্যক্তিকেও খুঁজছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, লাশ উদ্ধারের অন্তত সাত দিন আগে হাফিজুরকে হত্যা করা হয়।