কাউখালীতে ইমামকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। হত্যার হুমকি দিয়ে লেখা চিঠিটি গতকাল শুক্রবার সকালে মসজিদের ভেতরে পাওয়া যায়।

মসজিদের ইমাম ওমর ফারুক প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল আটটার দিকে মুয়াজ্জিন মসজিদের ভেতরে একটি চিঠি পান। মসজিদের ইমামকে উদ্দেশ করে চিঠিতে লেখা রয়েছে, ‘তোমরা বাংলাদেশে ইসলামি খেলাফত প্রতিষ্ঠিত হোক, তা চাও না। তোমরা জেহাদের আলোচনা থেকে বিমুখ, সুতরাং তোমাকে হত্যা করা হবে শরিয়তশুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে তোমার রুমেই
জবাই করে হত্যা করা হবে খুব শিগগির।’

চিঠির নিচে লেখা রয়েছে আইএস বরিশাল রেঞ্জ, কাউখালী শাখা। বেলা ১১টার দিকে ওমর ফারুক মসজিদে আসার পর মুয়াজ্জিন তাঁকে চিঠিটি দেন। এরপর তিনি চিঠির একটি ছায়ালিপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দিয়ে আসেন।

কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মসজিদের ইমাম দুপুরে থানায় এসে আমাকে চিঠির ফটোকপি দিয়ে গেছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় বিকেল তিনটা পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি করেননি ইমাম।’