কাউখালীতে ২২ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় গত মঙ্গলবার দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এ সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উপজেলার বলভদ্রপুর গ্রামের শিশির কর্মকার (৫৫), একই উপজেলার কেউন্দিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৫৫), সালাহউদ্দিন (৫০) ও শামসুদ্দিন (৩৮)।
র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার গুরুসংঘ আশ্রমের সামনে শিশির কর্মকারসহ অন্যরা ২২ কেজি ওজনের কষ্টিপাথরটি বেচাকেনার জন্য উপস্থিত হন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের একটি দল সেখানে গিয়ে পাথরসহ তাঁদের গ্রেপ্তার করে। রাতে তাঁদের কাউখালী থানায় সোপর্দ করে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে কষ্টিপাথরের মতো মূল্যবান জিনিসের কেনাবেচা করে আসছিল।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় রাতে র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) ইসলাম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।