কাউখালীর একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৪৬ নম্বর দক্ষিণ শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। এ কারণে ওই কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন জানান, ১৭ মে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে ওই কেন্দ্রের ভোট গ্রহণসহ সব কার্যক্রম বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তা এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
গত ২২ মার্চ কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ভোট হয়। নির্বাচনের দিন দুপুর ১২টা ১০ মিনিটে দক্ষিণ শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এক সদস্যপ্রার্থী ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয়টি গুলি ছোড়ে। এ সময় ওই কেন্দ্রের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। কিন্তু পরে প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা সদরে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি ফলাফল দাখিল করেন।
গত ৬ এপ্রিল ওই ভোটকেন্দ্রের ফলাফল ও নানা অনিয়মের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান হাইকোর্টে একটি রিট আবেদন করেন এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। পরে নির্বাচন কমিশনের একটি তদন্ত দল অভিযোগের তদন্ত করে সত্যতা পায়। এরপর ওই কেন্দ্রের ভোট গ্রহণসহ সব কার্যক্রম বাতিল করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।