কাউনিয়ায় যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে আ.লীগ কর্মী খুন
রংপুরের কাউনিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে যুবলীগের কর্মীর ছুরিকাঘাতে আওয়ামী লীগের কর্মী হেমন্ত কুমার বর্মণ (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় উপজেলা যুবলীগের কর্মী শাহ আলমকে (২৯) পুলিশ আটক করেছে।
নিহত হেমন্তের ভাতিজা বিপ্লবের মোটরসাইকেল গ্যারেজে মোটরসাইকেল মেরামত করার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পুলিশের ধারণা। হেমন্ত কুমার উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকার প্রীতিরাম বর্মণের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। হেমন্ত উপজেলা আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া নিশ্চিত করেছেন। সেই সঙ্গে গ্রেপ্তার হওয়া শাহ আলম উপজেলা যুবলীগের সদস্য বলেও নিশ্চিত করেছেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম সকাল ১০টার দিকে উপজেলা বাসস্ট্যান্ডের কাছে হেমন্ত কুমারের ভাতিজা বিপ্লবের মোটরসাইকেল গ্যারেজে যান। এ সময় বিপ্লব দোকানে ছিলেন না। তখন বিপ্লবের বড় ভাই হেমন্ত দোকানে আসেন। বিপ্লব না থাকায় ক্ষুব্ধ শাহ আলম গালাগাল করতে থাকেন। এ সময় হেমন্ত প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে শাহ আলম একটি ছুরি এনে হেমন্তের পেটে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।