কাউনিয়ায় কিশোর খুন, বান্ধবীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় গতকাল শনিবার রতন মিয়া (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রতনের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
রতনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস আগে উপজেলার ধুমেরকুটি গ্রামের রতনের সঙ্গে একই গ্রামের এক মেয়ের সুসম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত শুক্রবার রতন ওই মেয়েকে (বান্ধবী) নিয়ে রংপুরের পীরগঞ্জ এলাকায় আনন্দনগর বিনোদন পার্কে ঘুরতে যায়। রাত নয়টার দিকে সে ওই বান্ধবীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে রতন নিজ বাড়িতে চলে যায়। এরপর রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। পরে রতনের পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। গতকাল সকালে রতনের বাড়ির পাশে ধুমনদে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।